গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। এই সরকারের (অন্তর্বর্তী সরকার) উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আগে জাতীয় নির্বাচন দিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনুসের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। আমরা প্রত্যাশা করি, এ সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে। জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবে। আর এটা এ সরকারের প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের ওপর দমন-পীড়ন করেছে শেখ হাসিনা, তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? আপনাদের এখন প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা।