বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার। তিনি বলেন, এই সরকারের জবাবদিহিতা থাকলে ১২ কেজি গ্যাস সিলিন্ডারে ১৯ টাকা দাম বাড়াতো না। দাম বাড়ার কারণে সীমিত ও নিম্নআয়ের মানুষের ওপর ভয়ংকর চাপ পড়বে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
গ্যাসের সিলিন্ডারে ১৯ টাকা করে বাড়ানো অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত বলে মনে করেন রিজভী। তার মতে, দেশে নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হবে না।
রিজভী বলেন, আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দেই। কিন্তু আপনাদের (সরকারকে) মনে রাখতে হবে, গণবিরোধী ও গরিব মানুষ মারার সিদ্ধান্ত যেন না হয়। এমনিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। চালের দাম কমাতে পারেননি। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে মরার ওপর খড়ার ঘা ছাড়া কিছুই নয়।
তিনি আরও বলেন, সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা সংস্কার করুন কিন্তু সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত করার নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কারা সংগঠন কিংবা দল তৈরি করবে সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির। এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ।