• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে : রিজভী

সময় ডট নিউজ ডেস্ক ৩০ জানুয়ারী, ২০২৫ ০৩:০০ পিএম

আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আহনাফের মতো ছেলেকে যারা গুলি করেছে, তাদের আত্মা রক্তপিপাসু নেকড়ের আত্মা।

আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবন্ধী রিকশাচালককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবে নিহত-আহতরা বিচার চায়। আহনাফের মতো ছেলেকে যারা গুলি করেছে, তাদের আত্মা রক্তপিপাসু নেকড়ের আত্মা। শেখ হাসিনার কাছে নারী শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য সিংহাসন। তিনি কতজনকে সন্তানহারা করেছে হদিস নেই। গুলি ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে খুশি হতেন হাসিনা। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী।

রিজভী বলেন, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। যারা আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা আইনের লোক। তাদের কারা আইনের হাত থেকে দূরে রাখা হচ্ছে। সবাইকে শাস্তির আওতায় আনা উচিত।  

শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রসঙ্গে রিজভী বলেন, প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়, তার উদাহরণ শেখ হাসিনা।

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে, এমনটা হবে না। কারণ, মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে।’

তিনি আরও বলেন, দরবেশ ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে  সালমান এফ রহমান। তিনি আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছেন। ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে সরকার কাজ করছে।