• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘নির্বাচন বিলম্বিত হলে সরকারকে যৌক্তিকতা তুলে ধরতে হবে’

সময় ডট নিউজ ডেস্ক ২৯ জানুয়ারী, ২০২৫ ০৩:২১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে সরকারকে তার যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে সরকারকে তার যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারকে সফল করতে হলে তাদের গাইড করতে হবে। সরকার মাত্রই ভুল করবে, তাদের সঠিক পথে পরিচালনার জন্য সাংবাদিক, রাজনীতিবিদসহ দেশের মানুষকে কাজ করতে হবে। বিএনপির পক্ষ থেকেও কিছু উদ্যোগ নেয়া হবে, সেটাকে কেউ কেউ সমালোচনা বা আন্দোলন মনে করতে পারেন।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ৫ আগস্ট দিনটিকে স্মরণীয় করে রাখতে ওইদিনই নির্বাচন দিতে পারে সরকার। তবে হ্যাঁ, অনেকের সমস্যা হতে পারে। এই সময়ের মধ্যে দল গঠন করবে কীভাবে!

রাজনৈতিকভাবে দল হলে জনগণ সাধুবাদ জানাবে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হওয়ার জন্য যদি সরকারের সব ধরনের শক্তি প্রয়োগ করা হয় দল গঠনে, তবে ফ্যাসিবাদকে দোষারোপ করে লাভ কী?

  সংস্কার কমিশনের রিপোর্ট সুন্দর হলেও সব বিষয় তাতে এসেছে কি না, প্রশ্ন রেখে বিএনপির এ নেতা বলেন, ছয় মাস পার হয়েছে, এই সময়ে কী সংস্কার হলো বা হলো না, তা জানাতে হবে। নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতাও জনগণের সামনে তুলে ধরতে হবে সরকারকে।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার সঙ্গে অন্যকিছু সমকক্ষ করা ঠিক হবে না। তবে সমস্ত ত্যাগ ও রক্তকে শ্রদ্ধা করতে হবে।

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনার নয়, দায়ী সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও বিচার দাবি করেন সালাহ উদ্দিন আহমেদ। বলেন, সরকার বা জনগণ সিদ্ধান্ত না নিলে সংবিধান অনুযায়ী নিবন্ধিত দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ তৈরি হবে। বিচার হলে জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ঐক্যে যেন ফাটল না ধরে সে জন্য অন্তর্বর্তী সরকারকে উদোগ নিতে হবে।