ব্রাজিল বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আমীর খসরু জানান, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।
তিনি আরও জানান, এছাড়া বৈঠকে খাবারসহ বিভিন্ন পণ্য নিয়ে আলাপ হয়েছে। খেলা বিশেষ করে ফুটবল এবং সাংস্কৃতিক আদান-প্রদান করার বিষয়ে আলাপ হয়েছে।
আমীর খসরু বলেন, দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয় সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালনপালনে তাদের সহযোগিতা নিতে।