বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। ম্যাচের আগে ক্রিকেটাররা টিম বয়দের সহযোগিতায় ব্যাটিংয়ে নক করেছেন সামান্য সময়।
বিপিএল শুরুর পর থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণ দেখিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি। আজ বিকেলে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী দলের আচরণে আমরা অত্যন্ত বিব্রত। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, যথাযথভাবে দল পরিচালনা করবে। কিন্তু তারা তা ভঙ্গ করেছে। এতে বিপিএল ও দেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা তাদের বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সীমা অতিক্রম করেছে বললেন মিঠু, ‘চুক্তিতে সব স্পষ্টভাবে উল্লেখ ছিল। এমন আচরণ মেনে নেওয়া যায় না। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সীমা অতিক্রম করছে। সমস্যার সমাধানে আমরা আলোচনা করেছি, তবে চুক্তির শর্ত না মানার ঘটনাগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। সবকিছুর একটা সীমা আছে, যা তারা বারবার লঙ্ঘন করছে।’
আজ সারা দিনই আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। ম্যাচ বয়কটেরও দিয়েছিল ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত ম্যাচ খেললেও বিদেশি ক্রিকেটাররা ঠিকই খেলছেন না।