বিপিএলের সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি ইনজুরির পর নতুন করে ইংল্যান্ডের পেসার রিস টপলিকে হারিয়েছে। ফলে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই এই ইংলিশ পেসার গতকাল নিজ দেশে ফিরে গেছেন। সিলেট ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, ডান পায়ের হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন টপলি।
এছাড়া হ্যামস্ট্রিংয়ের এই সমস্যার কারণে কুঁচকিতেও ব্যথা আছে বাঁ-হাতি এই পেসারের। যার জন্য চোট পুনর্বাসনের পাশাপাশি আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে। যদিও এবারের আসরে খুব একটা ভালো করতে পারেননি টপলি। ৭ ম্যাচে ৯.৭৫ ইকোনমিতে তিনি ৪ উইকেট নিয়েছেন। এর আগে বিপিএল ছেড়েছিলেন সিলেটের আরেক ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল ইনজুরির কারণে।
প্রসঙ্গত, বিপিএলের চলমান একাদশ আসরে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ২টিতে। ফলে ৪ পয়েন্ট পাওয়া দলটির প্লে-অফ খেলা একপ্রকার অনিশ্চিতই। বাকি ৩টি ম্যাচ জিতলেও তাদের কষতে হবে যদি-কিন্তুর হিসাব!