• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

দেশজুড়ে মুক্তি পেল অমিতাভের ‘রিকশা গার্ল’

সময় ডট নিউজ ডেস্ক ২৪ জানুয়ারী, ২০২৫ ১০:৫৯ পিএম

দেশের সিনেমাপ্রেমীদের জন্য আজ অন্যরকম রেমাঞ্চকর দিন। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রেক্ষাগৃহে এসেছে ‘রিকশা গার্ল’। শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে দেশের ১১টি সিনেমা হলে দর্শকরা উপভোগ করছেন অমিতাভ রেজার সাড়া জাগানো এ চলচ্চিত্রটি।

দেশের সিনেমাপ্রেমীদের জন্য আজ অন্যরকম রেমাঞ্চকর দিন। দীর্ঘ প্রতীক্ষা শেষে  প্রেক্ষাগৃহে এসেছে  ‘রিকশা গার্ল’। শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে দেশের ১১টি সিনেমা হলে দর্শকরা উপভোগ করছেন অমিতাভ রেজার সাড়া জাগানো এ চলচ্চিত্রটি।  

সিনেমার প্রথম শো’তেই ‘রিকশা গার্ল’কে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনার নজির মিলেছে। প্রায় সব শ্রেণি-পেশার মানুষ ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছেন। তাঁদের অভিব্যক্তিই বলে দিচ্ছিলো ‘রিকশা গার্ল’ দর্শকদের প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পেরেছে।

‘রিকশা গার্ল’ মুক্তি পেয়েছে ঢাকা ও সারাদেশে। ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স এস কে এস টাওয়ার, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমা হল। এছাড়া- চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড, সিলেটে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বগুড়ায় মম ইন, পাবনায় রূপকথা সিনেমা এবং রাজশাহীতে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স-এ ‘রিকশা গার্ল’ মুক্তি পেয়েছে।

‘রিকশা গার্ল’ যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত। এটি ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। ইতোমধ্যে ‘রিকশা গার্ল’ দেশ-বিদেশে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। 

এ সিনেমার গল্প ঘিরে আবর্তিত হয়েছে শিল্পীমনা নাঈমাকে ঘিরে। ছবি আঁকার প্রতি তার গভীর ভালোবাসা থাকলেও দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবার হঠাৎ অসুস্থতা তাকে জীবনের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। ছবি এঁকে আয় সম্ভব না হওয়ায় নাঈমা বাধ্য হয়ে রিকশা নিয়ে রাস্তায় নামে। এভাবে গল্পের বাঁক ক্রমেই জটিল হয়ে ওঠে, আর প্রশ্ন জাগে—নাঈমা কীভাবে তার স্বপ্নকে পূরণ করবে?

এই ছবিতে রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে। 

ট্রেইলার ও পোস্টার প্রকাশের পরই আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার  পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ নিয়ে সিনেমাপাড়ায় উচ্ছ্বাস দেখা যায়। ইতোমধ্যে রিকশা শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তি পেয়েছে ছবিটির প্রথম মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’। এই ভিডিওতে শহুরে-লোকজ ঐতিহ্য, কারিগরি নৈপুণ্য ও সৃষ্টিশীলতাকে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। এছাড়া রিকশা শ্রমিকদেরকে বিনামূল্যে 'রিকশা গার্ল' দেখানোর ব্যবস্থা করা হবে বলেন নিবাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল।  সম্প্রতি ‘জায়গা খুঁজে মরি’ শিরোনামে সিনেমার আরো একটি গান প্রকাশের পর বিভিন্ন প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলেছে।