বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
বিএনপির এ নেতা বলেন,ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। সেটি করে দেখিয়েছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, বর্তমানে যে সংস্কারের কথা হয়, সব মুছে ফেলার কথা হয়; তার আসলে প্রয়োজন নেই। জাতির ক্রান্তিকালে আমাদের অনেক দায়িত্ব আছে। যদি সেগুলো সঠিকভাবে পালন করতে হয়, তবে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে।
মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করেছে, এটি অস্বীকার করার উপায় নেই। আনন্দ করার সময় নেই, গণতন্ত্র ফিরিয়ে দেব। এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জিয়াউর রহমান ক্ষমতার জন্য যুদ্ধ করেননি। জনগণ ভালোবেসে তাকে দায়িত্ব দিয়েছিল। তিনি ফ্রান্সের আদলে ক্ষমতায় ভারসাম্য এনেছিলেন।