আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মুক্ত চিন্তা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের ৮৯ জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি। তবে মুক্ত চিন্তা ব্যতীত কোনো জাতি সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই।
আমির খসরু বলেন, ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারবে না। শেখ হাসিনা বিদায় হওয়ার পর বাংলাদেশের মানুষ বিরাট একটি মনোভাব তৈরি করেছে। মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা দেখেছে যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে সেটি আমাদের ধারণ করতে হবে। রাজনৈতিক হিসেবে ধারণ করতে হবে দল হিসেবে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ কীভাবে গড়ব, সে বিষয়ে আমাদের প্রত্যেকটি বিষয়ের উপর অবস্থান থাকতে হবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ ছিলেন। ক্ষমতা নেওয়ার পর তিন বছরের মধ্যে দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। কৃষক-শ্রমিক ব্যবসায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর তিনি নজর রাখতেন।