জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তবে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানিয়েছেন, বিকেলে ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে এখন, এরপরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার দুপুরে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমার কাছে আসেনি।সিদ্ধান্ত পাওয়ার পরে জানাতে পারবো।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' প্রকাশের মাধ্যমে 'বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে' এমন ঘোষণা দেয়া হয়েছিল।