অভিনেতা বিক্রান্ত ম্যাসের অবসর ঘোষণার পর শোরগোল পড়ে গেছে বলিউড ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে। হতাশ হয়েছেন ভক্তরাও। তবে এবার জানা গেল বিক্রান্তের এমন সিদ্ধান্তের কারণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেকথা। পরিচালক বলেন, বিক্রান্ত নিজের মূল্য কমাতে চান না। তার কাছে ওয়েব প্রজেক্ট ও সিনেমার গুচ্ছ গুচ্ছ অফার ছিল। এতেই অভিনেতা ভয় পাচ্ছিলেন, যে তিনি বড্ড বেশি এক্সপোজ হয়ে যাচ্ছেন এবং দর্শক তাকে দেখতে দেখতে হয়তো খুব শিগগিরিই ক্লান্ত হয়ে পড়বেন। এত সিনেমায় অভিনয় করা এবং দর্শকদের এই ক্লান্ত হয়ে যাওয়া নিয়ে মাঝেমধ্যেই কথা বলতেন অভিনেতা। তাই এই বিরতি নেওয়া এবং নিজেকে সময় দেয়ার সিদ্ধান্ত অত্যন্ত সাহসের। কেনই করবেন না?
নিজের অবসর ঘোষণা করে বিক্রান্ত ইনস্টাগ্রামে লিখেছিলেন, গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সময় সঠিক সময় আসবে।’ সেই পোস্টেই অভিনেতার সংযোজন, শেষ ২টা সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব।
এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিক্রান্তের ‘হাসিন দিলরুবা’ সিনেমার হর্ষবর্ধন রানে জানান, অভিনেতার এই পদক্ষেপ কোনো প্রযোজকের নির্দেশমতো ‘পিআর অ্যাক্টিভিটি’ হলে তিনি খুশি হবে। আর সেটাই প্রার্থনা করছেন।’
অন্যদিকে ইন্ডাস্ট্রিতে কানাঘুষো, ‘ডন ৩’ সিনেমায় বিক্রান্তকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। সেই চরিত্র যেন দর্শকদের চমকে দিতে পারে, এই কারণেই সাময়িক বিরতি নিয়েছেন বিক্রান্ত। যাতে নিজেকে নিয়ে নতুন করে ভাবতে পারেন আর আকর্ষণীয় কামব্যাক করতে পারেন।