ধর্ম উপদেষ্টা বলেছেন, বই জ্ঞানের বাহক। বইপাঠের মাধ্যমে জ্ঞানের অনুষদ বিস্তৃত হয়। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় ড. মুহাম্মদ সাদিক হুসাইনের 'ওরিয়েন্টালিজম ও ইসলাম' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, জ্ঞানের আলোকচ্ছটায় মানুষের অন্তর আলোকিত হয়, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। জ্ঞানের আলোয় মানুষের অন্তরের কলুষতা ও মলিনতা বিদূরিত হয়। তিনি অধ্যায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ওরিয়েন্টালিজমের কেবলই নেতিবাচক দিক আছে এমনটা নয়, এর ইতিবাচক দিকও আছে। তবে নেতিবাচক দিকটাই বেশি। উপদেষ্টা ইসলামি স্কলারদের ধর্মতত্বের ওপর জ্ঞান অর্জনের আহ্বান জানান।
লেখক সম্পর্কে ড. খালিদ বলেন, ড. মুহাম্মদ সাদিক হুসাইন একজন বিদগ্ধ লেখক। তিনি বাংলা ও আরবি জানেন এবং ইংরেজিতেও তাঁর দখল রয়েছে। তাঁর লেখা ওরিয়েন্টালিজম ও ইসলাম বইটি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে। বইটি পাঠকপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ ও লিগ্যাল এইড সেন্টার বহুদিন যাবত ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বই প্রকাশ করে আসছে। তাদের গবেষণা পত্রিকাটিও মানোত্তীর্ণ প্রকাশনা।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ ও লিগ্যাল এইড সেন্টার(বিআইএলআরসি) থেকে এ বইটি প্রকাশিত হয়েছে।
বিআইএলআরসি'র নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রইছ হোসেন প্রমূখ বক্তব্য প্রদান করেন।