• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আগামী বাজেট যুক্তিসঙ্গত হবে : অর্থ উপদেষ্টা

সময় ডট নিউজ ডেস্ক ১৯ মার্চ, ২০২৫ ১০:২৯ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য পরবর্তী জাতীয় বাজেট যুক্তিসংগত হবে। তবে পরবর্তী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাস্তবসম্মত ও স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য পরবর্তী জাতীয় বাজেট যুক্তিসংগত হবে। তবে পরবর্তী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাস্তবসম্মত ও স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, ‘পরবর্তী অর্থবছরের এডিপিতে বাস্তবসম্মত ও স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই, পরবর্তী বাজেট কমবেশি যুক্তিসঙ্গত হবে।’

বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আগামী অর্থবছরের প্রাক-বাজেট সভায় অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, নতুন এডিপিতে অতীতের মতো বিলিয়ন ডলারের কোনো ‘স্মৃতিস্তম্ভ’ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে না, কারণ এ ধরনের প্রকল্পগুলো জাতির জন্য কোনো ভালো ফলাফল আনতে ব্যর্থ হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, সিনিয়র সাংবাদিক এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের বিভিন্ন পরামর্শের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সরকার শিল্প খাতকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর জোর দেবে।

তিনি বলেন, পরবর্তী বাজেট সম্পূর্ণরূপে পুরোনো ধারার অনুসারী বা স্বাভাবিক কাঠামোর বাইরে হবে না। আমরা সম্পদের ঘাটতি, ঋণ পরিশোধের দায় এবং ঋণ ব্যবস্থাপনা বিবেচনা করে বাজেট প্রণয়ন করছি।

ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, যেকোনো রাজনৈতিক সরকার আসুক না কেন, পরবর্তী বাজেট বাতিল করা তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এটি এভাবেই প্রণয়ন করা হচ্ছে।