২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়কত্ব ছাড়লে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেয়া হয় নাজমুল হোসেন শান্তর হাতে। অধিনায়কত্বের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে নিজের ফর্মের জন্য সমালোচিত হতে শুরু করেন শান্ত। বিশেষ করে সাদা বলে তার ধারাবাহিকতা এবং স্ট্রাইক রেট নিয়ে সবসময়ই প্রশ্ন উঠেছে।
এবার শান্তকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার (৮ মার্চ) বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন।
শান্তর নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারলেও ব্যর্থতা নিয়েই সে বিশ্বকাপ শেষ করতে হয়েছে টাইগারদের। সমালোচনার মুখে বিশ্ব আসর থেকে দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে বিসিবির অনুরোধে সেটা আর করতে পারেননি।
আলাদা করে টি-টোয়েন্টির কথা বলায় ওয়ানডে এবং টেস্টের অধিনায়ক হিসেবে শান্তই থাকছেন বলে ধারণা করা যাচ্ছে। চলতি সপ্তাহেই টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান।