ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ (বি ইউনিট) এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে মাত্র ৯.৮৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। অন্যদিকে ৯০.১৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হয়।
এ বছর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৪হাজার ৯০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় মোট পাস করেছেন ১১ হাজার ৩১০ জন। এর মধ্যে মানবিকে ৫৭১৪ জন, বিজ্ঞানে ৪৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৭৩৯ জন। সর্বমোট পাসের হার ৯.৮৫ শতাংশ।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ওই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিটে মোট আসন সংখ্যা ২,৯৩৪টি। এর মধ্যে মানবিকে ১ হাজার ৭০৭, বিজ্ঞানে ৯৪৪ এবং ব্যবসায় শিক্ষায় ২৮৩টি আসন বরাদ্দ রয়েছে।
ফলাফল জানা যাবে যেভাবে
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU ALS ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS -এ ফলাফল জানা যাবে।