আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে ফেললেন মুশফিকুর রহিম। বুধবার (৬ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের কথা জানান ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আজ সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।
বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ফেসবুক পোস্টে মন্ডি লিখেছেন, আলহামদুলিল্লাহ, ওয়ানডে থেকে তোমার অবসরে আমি গর্বিত এবং তৃপ্ত, প্রিয়তম! তোমার অসাধারণ এক ওয়ানডে ক্যারিয়ার ছিল।
স্বামীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। ভাঙা পাঁজর নিয়ে খেলেছো, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার খেয়েছো! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দেশ ও দলের জন্য খেলেছো। এমন একজন সৎ মানুষকে জীবনে পাওয়া সত্যিই আশীর্বাদ, যে অজু ছাড়া কখনো ব্যাট ও বল স্পর্শ করত না।
নিজের স্বামীর প্রতি সম্মান জানিয়ে মন্ডি বলেন, তুমি একজন পরিবারকেন্দ্রিক মানুষ। আমাদের সন্তানরা তোমাকে ভালোবাসে। আমি চাই, আমাদের ছেলে শাহরোজ তোমার সব ভালো গুণ অর্জন করুক এবং তোমাকেই জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করুক।
মুশফিকের অবসরের পরবর্তী অধ্যায় নিয়েও কথা বলেন তিনি। লিখেছেন, আমি জানি, এটা কঠিন সিদ্ধান্ত ছিল। ইনশাআল্লাহ, তোমার জন্য নতুন এক উজ্জ্বল অধ্যায় অপেক্ষা করছে! আমাদের জন্য তুমি যা করেছ, তাতেই আমরা পরিপূর্ণভাবে তৃপ্ত।
সমালোচকদের উদ্দেশে বার্তা দিয়ে মন্ডি আরও যোগ করেন, পৃথিবী যত খুশি নেতিবাচক কথা বলুক, কিন্তু দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না, যাতে কেউ কষ্ট পেয়ে আপনাদের জন্য প্রার্থনায় বসে কাঁদতে বাধ্য হয়। আমরাও মানুষ।