পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (এনসিএস)।
সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বাচলে এই ক্রিকেট স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পরই তিনি বলেছিলেন, “পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র।”
এই স্টেডিয়ামের জন্য তৎকালীন বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় সেই জমিতেই গড়ে তোলার কথা পূর্ণাঙ্গ এক ক্রিকেট কমপ্লেক্স।
নির্মাণাধীন এই স্টেডিয়ামের নকশা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার মতো করা হয়েছিল। বিসিবির নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ জানান, নৌকার আকৃতিতে স্টেডিয়াম নির্মাণ করা হবে না।