লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১ মার্চ) বেনিটো ভিলামারিনায় রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল।
বেতিসের মাঠে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের দশম মিনিটে ফরাসি লেফট ব্যাক মেন্ডির পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। তবে গোল হজম করে দমে যায়নি বেতিস। প্রতিপক্ষের উপর চাপ বাড়ায় স্বাগতিকরা।
এরপর পর এক আক্রমণ করে গোলও আদায় করে নেয় বেতিস। ৩৪তম মিনিটে ইসকোর কর্নার থেকে হেডে গোল করে বেতিসকে সমতায় ফেরান জনি। বিরতির ঠিক আগে কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। বেতিসের মিডফিল্ডার কার্দোসোর হেড ঝাঁপিয়ে কোনোমতে আটকান বেলজিয়ান এই গোলরক্ষক।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে বেতিস। ম্যাচের ৫৪তম মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে বেতিসের ফুটবলারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার রুডিগার। তার পাশাপাশি পেনাল্টি পায় বেতিস। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার ইসকো।
সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন করেন ইসকো। তবে ম্যাচ শেষে রিয়াল সমর্থকদের কাছে মাফও চান ৩২ বছর বয়সি এই ফুটবলার। ম্যাচ শেষে ইসকো বলেন, রিয়াল মাদ্রিদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা সবসময়ই আমার মনে প্রাণে থাকবে।
বাকি সময়ে বল দখলে এগিয়ে থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। ফলে বেতিসের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
লিগে ২৬ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ হার। ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই রইল তারা। এদিকে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে রিয়াল বেতিস।