কুয়েটের উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের বাসভবনের তালা ঝুলিয়ে দেয়।
এর আগে বিকাল ৩টায় ৬ দফা দাবির আন্দোলনের ধারাবাহিকতায় কুয়েট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে ১৮ই ফেব্রুয়ারি বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থী এবং হামলাকারীদের ছবি প্রদর্শনের আয়োজন করেছিলেন।
এদিকে কুয়েটের ৯৮তম সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও চিহ্নিত সন্ত্রাসীদের পোস্টার লাগানো কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয় স্থানীয় বহিরাগতরাও। এ নিয়ে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়।