• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাঁশ ফেলে মহাখালী-গুলশান রোড অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

সময় ডট নিউজ ডেস্ক ০৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৫৫ পিএম

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিংক রোড অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে বন্ধ হয়ে গেছে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল। সোমবার (৩ ফেব্রুয়ারি) ১২টা ২০ মিনিটের দিকে সড়কের ওপর বাঁশ ফেলে অর্ধশতাধিক শিক্ষার্থী যানচলাচল বন্ধ করে দেন।

তিতুমীর কলেজের মূল ফটকের সামনেই ৬ষ্ঠ দিনের মতো অনশন করছেন ছয় শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এসময় তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের এখানে উপস্থিত দেখা যায়নি।

এর আগে গতকাল রাত ১১টায় আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড (অবরোধ) কর্মসূচি পালনের ঘোষণা দেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেল গেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।