ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ জিততে না পারলেও এবার বিদেশের মাটিতে বাংলাদেশের সামনে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্য নিয়েই আগামীকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে কাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দু’দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবার সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্স করে বাংলাদেশ হারলেও দ্বিতীয় ম্যাচ ঘুড়ে দাড়ায় এবং জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিলো ক্যারিবীয়রা। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে দৃঢ় প্রতিজ্ঞ ক্যারিবিয়ানরাও।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটিই শেষ ওয়ানডে সিরিজ টাইগারদের। এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের সেরা দল খুঁজে বের করার চেষ্টা করবে তারা।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমাদের সামনে একটি ওয়ানডে সিরিজ আছে। এটি এমন একটি ফরম্যাট, যেটাতে আমরা খেলতে পছন্দ করি। এই মুহূর্তে আমাদের ভালো পেস বোলার আছে। আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে উন্নতি করা যায়, সেটি নিয়ে আমরা ভাবি। কখনও-কখনও আমরা ভুল করি, কিন্তু আমরা সেখান থেকেই শিক্ষা নেই।’
কুঁচকির ইনজুরির কারনে টেস্টের মতো ওয়ানডে সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। দ্বিতীয় টেস্টে তার নেতৃত্ব ছিলো চোখে পড়ার মতো।
ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।
বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গো, আলজারি জোসেফ, মার্কিনো মিন্ডলি, জেডিয়া ব্লেডস, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস ও রোমারিও শেফার্ড।