• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

পথশিশুদের নিয়ে গাওয়া ইমনের গান অস্কার মনোনয়নে

বিনোদন ডেস্ক ০৩ ডিসেম্বর, ২০২৪ ০২:৩৮ পিএম

প্রথম বাংলা গান হিসেবে অস্কার মঞ্চের নমিনেশনে স্থান পেল গানটি।

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গান এবার জায়গা করে নিয়েছে অস্কার মনোনয়নে। গানের নাম ‘ইতি মা’। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানের জন্যই বিশ্বমানের স্বীকৃতি পেলেন ইমন। 

ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পায় গত ১৪ নভেম্বর।

উল্লেখ্য, প্রথম বাংলা গান হিসেবে অস্কার মঞ্চের নমিনেশনে স্থান পেল গানটি। জানা গেছে, এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। গত বছরের মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়। তার মধ্যে রয়েছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান। 

প্রতিক্রিয়ায় ইমন চক্রবর্তী বলেন, ‘আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব। আমি সারেগামাপা’র শুটের মধ্যেই ফোনে খবরটা পাই। অস্কারের টপ ৭৯টি গানের মধ্যে আমার গান রয়েছে, এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমি সুপার হ্যাপি। আমি বেশি খুশি বাংলা গান নমিনেশন পেয়েছে তাই। লায়ন কিং ছবির মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা গান এই জায়গা পেয়েছে। অস্কারের থেকে বড় কোনো অ্যাওয়ার্ড আছে বলে তো আমরা জানি না। সেখানে আমার গান প্রতিযোগিতা করছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। এই কৃতিত্ব পরিচালক ইন্দিরাদি এবং সঙ্গীত পরিচালক সায়নের।’

উল্লেখ্য, রবীন্দ্রসঙ্গীতের হাত ধরেই ইমনের পথযাত্রা শুরু। তারপর কখনও ধ্রুপদীতে, কখনও আধুনিকে, আবার কখনও লোকসঙ্গীতেও তাকে পাওয়া গেছে।  ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন ইমন। এবার নমিনেশন পেলেন বিশ্বমঞ্চের দরবারে।

Tags:   গান