ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং বাংলাদেশে ব্রিটিশ ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান বলেছেন, তরুণ প্রজন্মের শিক্ষার জন্য ব্রিটিশ সরকার আরো অনেক বিনিয়োগ করতে আগ্রহী।
তিনি বলেন, বাংলাদেশে অল্পদিন আগে আমি এসেছি। ব্রিটিশ সরকার বাংলাদেশের শিক্ষা খাতে অনেক বিনিয়োগ করছে। কিছুদিন আগেও আমি ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে গিয়েছিলাম। আর এখানে আইএইচএসবি বিজনেস কার্নিভাল-এ এসেছি।
ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার বলেন, 'ব্রিটিশ স্টারলিং এডুকেশন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। তারা বাংলাদেশী শিক্ষক শিক্ষার্থীদের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সুযোগ্য তৈরি করতে চায়। এরই অংশ হিসেবে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আইএইচএসবি বিজনেস কার্নিভাল, বাংলা অলিম্পিয়াড, স্টেম ফেস্ট এর মতো বড় বড় প্রতিযোগিতার আয়োজন করছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হবে, উদ্যোক্তা হবে এবং দলীয়ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঢাকায় ব্রিটিশ ইউনিভার্সিটির শাখা খুলতে চাই এবং বাংলাদেশের সর্বস্তরের শিক্ষকদের জন্য একটি শিক্ষক প্রশিক্ষণ সেন্টার তৈরি করতে চাই।
ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে শুক্রবার (১৫ নভেম্বর) থেকে ৩ দিনব্যাপী শিক্ষার্থীদের এই বিজনেস কার্নিভাল শুরু হয়েছে। অকোটেক্স এর সহযোগিতায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের বিজনেস ক্লাব আয়োজন করেছে ব্যবসা এবং উদ্যোগ নিয়ে দ্বিতীয় আইএইচএসবি বিজনেস কার্নিভাল। এতে অংশগ্রহণ করছে ঢাকার খ্যাতনামা ৫০ টি স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থী।
এদিন সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণে বিজনেস কার্নিভালের শুভ উদ্বোধন করা হয়। ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ এর শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং বাংলাদেশে ব্রিটিশ ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এর পরিচালক ড্যান পাশা, ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ইংল্যান্ডের স্টারলিং এডুকেশন এর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার। সভাপতিত্ব করেন আইএইচএসবি বিজনেস কার্নিভাল এর সভাপতি রাফিদ বিন জলিল।
১৭ নভেম্বর বিকাল ৪টায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আইএইচএসবি বিজনেস কার্নিভালের সমাপনী অনুষ্ঠান।